নওগাঁয় হঠাৎ করেই বেড়েছে কাঁচা মরিচের দাম। এক সপ্তাহের ব্যবধানে কেজিপ্রতি ৫ থেকে ৬ গুন দাম বেড়েছে। বর্তমানে খুচরা বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ ২৩০ থেকে ২৪০ টাকা দরে বিক্রি হচ্ছে।
শুক্রবার (১১ জুলাই) সকালে শহরের পৌর খুচরা বাজার ও সিও অফিস কাঁচা বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।
বিক্রেতারা জানান, বৃষ্টির কারণে জমি থেকে কাঁচামরিচ তুলতে পারছেন না চাষিরা। এ ছাড়া জমিতে পানি জমে মরিচের গাছ নষ্ট হয়ে যাচ্ছে। এ কারণে বাজারে কাঁচা মরিচের সরবরাহ কমে গেছে। এতে দাম কিছুটা বেড়েছে।
জানা গেছে, এক সপ্তাহ আগেও নওগাঁর বিভিন্ন হাটবাজারে কাঁচামরিচ পাইকারি বিক্রি হয়েছে ১০ থেকে ১৫ টাকা আর খুচরা বাজারে ৩০ থেকে ৪০ টাকা কেজি দরে। বর্তমানে সেই কাঁচামরিচ পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ২০০ টাকা আর খুচরা বাজারে ২৩০ থেকে ২৪০ টাকা কেজি দরে। এদিকে কাঁচা মরিচের দাম হঠাৎ বৃদ্ধি পাওয়ায় অস্বস্থিতে পড়েছেন ক্রেতারা।
